সমুদ্রের ধারে একজন মানুষ। সামনে দাবার বোর্ড। আর ওপাশে বসে আছে মৃত্যু। কালো পোশাক। সাদা মুখ। নির্বিকার চোখ। মানুষটি জানে, সে মারা যাবে। কিন্তু এখনই নয়। সে মৃত্যুকে বলে ’চলো, দাবা খেলি।’ মৃত্যু রাজি হয়।
দাবার বোর্ডে একটি চাল পড়ে। খেলা যতক্ষণ চলবে, ততক্ষণ তার জীবন। মানুষটি তাই খেলতে থাকে।মৃত্যুকে হারানোর জন্য নয়। আরও একটু সময় পাওয়ার জন্য। আর সেই সময়ের মধ্যে সে খুঁজতে চায় একটি উত্তর। ঈশ্বর কি সত্যিই আছেন?
এভাবেই শুরু হয় ইংমার বার্গম্যান এর অনন্য সিনেমা ‘দ্য সেভেন্থ সীল’।
বাস্তব জীবনে মানুষের এভাবে মৃত্যুর সাথে কথা হয়না। সিনেমায় এই স্বাধীনতাটুকু হয়ত শিল্প। যা বলতে চাই তার একটি সৃষ্টিশীল পথ।
মৃত্যৃর সাথে দাবা খেলার দৃশ্য তাই সিনেমার ইতিহাসে এক অবিস্মরণীয় দৃশ্য হয়ে আছে।
১৯৫৭ সালে সুইডেনে সাদা-কালো সিনেমাটি মুক্তি পায়। আজ থেকে প্রায় সাত দশক আগে বানানো। কিন্তু প্রথম কয়েক মিনিটেই মনে হয়, সিনেমাটি যেন আমাদের সময়ের কথা বলছে।
কারণ সময় বদলেছে। মানুষ বদলেছে। প্রশ্ন বদলায়নি।
চতুর্দশ শতকের সুইডেন।
ইউরোপজুড়ে তখন ব্লাক ডেথ। প্লেগ। মানুষ মরছে রাস্তায়। গ্রামে। ঘরে। গির্জায়।কেউ জানে না পরের দিন সে বেঁচে থাকবে কি না।
এই মৃত্যুর পৃথিবীতে ক্রুসেড থেকে দেশে ফিরছে এক যোদ্ধা। অ্যান্টোনিয়াস ব্লক। তার সঙ্গে তার সঙ্গী ইয়োনস। ব্লক বহু বছর যুদ্ধ করেছে। ঈশ্বরের নামে যুদ্ধ করেছে।কিন্তু যুদ্ধ শেষে দেশে ফিরে সে ঈশ্বরকেই যেন খুঁজে পাচ্ছে না।
তার বিশ্বাসে ফাটল ধরেছে।তার ভেতরে জমেছে এক ভয়ংকর শূন্যতা। সমুদ্রের ধারে সে মৃত্যুর মুখোমুখি হয়। মৃত্যু তাকে জানিয়ে দেয়—সময় শেষ।কিন্তু ব্লক সময় কিনে নেয় দাবার খেলায়।এই খেলাটিই হয়ে ওঠে পুরো সিনেমার মেরুদণ্ড।
ব্লকের-এর যাত্রা শুরু হয়। আর তার সঙ্গে আমরাও যাত্রা শুরু করি।
প্লেগে আক্রান্ত একটি পৃথিবীর ভেতর দিয়ে। কিন্তু এটি শুধু মধ্যযুগের গল্প নয়।এটি মানুষের গল্প। মৃত্যুর সামনে দাঁড়ানো মানুষের গল্প।ব্লক জানতে চায়—ঈশ্বর কোথায়?
ইয়োনস যেন তার উল্টো প্রান্তে দাঁড়িয়ে। সে ঈশ্বরের চেয়ে বাস্তব জীবনকে বেশি বিশ্বাস করে।তার কাছে ক্ষুধা সত্যি।শরীর সত্যি। ভালোবাসা সত্যি। ভয় সত্যি। আর মৃত্যু? মৃত্যু তো সবচেয়ে সত্যি।
দুজনের পথ একই। কিন্তু পৃথিবীকে দেখার চোখ আলাদা।আমরা তাদের সঙ্গে হাঁটতে হাঁটতে নিজের কাছেই প্রশ্ন করতে শুরু করি— বিশ্বাস কি সত্যিই প্রয়োজন? নাকি মানুষ ভয় পেয়েই ঈশ্বরকে তৈরি করে?
এরপর আসে ইয়োফ ও মিয়া।এক ভ্রাম্যমাণ নাট্যদলের তরুণ দম্পতি। ইয়োফ স্বপ্ন দেখে। কল্পনা করে।কিছু অলৌকিক দৃশ্য দেখতে পায়। মিয়া অনেক বেশি মাটির মানুষ।সে সংসার করে। হাসে। ভালোবাসে। তাদের একটি ছোট সন্তানও আছে।
চারদিকে যখন মৃত্যু, তখনও তারা জীবনকে আঁকড়ে ধরে আছে। তাদের মধ্যে কোনো মহাদার্শনিক প্রশ্ন নেই। তারা শুধু বাঁচতে চায়। একসঙ্গে।
এই সাধারণ মানুষগুলোই ধীরে ধীরে ব্লকের-এর কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ ব্লক এতদিন জীবনের অর্থ খুঁজছিল বিশাল কোনো সত্যের মধ্যে।
ঈশ্বরের অস্তিত্বে। মৃত্যুর পরের জীবনে। যুদ্ধের উদ্দেশ্যে।
কিন্তু ইয়োফ আর মিয়া তাকে অন্য একটা জীবন দেখায়। ছোট। সাধারণ। কিন্তু উষ্ণ।
সিনেমার সবচেয়ে সুন্দর দৃশ্যগুলোর একটি আসে এখানে। ব্লক তাদের সঙ্গে বসে। দুধ আর বুনো স্ট্রবেরি খায়। দৃশ্যটি খুব ছোট। কিন্তু এর ভেতরেই যেন পুরো সিনেমার দর্শন লুকিয়ে আছে।
এক পাশে প্লেগ। অন্য পাশে মৃত্যু।মানুষের ভয়। ধর্মীয় উন্মাদনা।আর এইসবের মাঝখানে—একটু খাবার। কিছু কথা।একটি পরিবার। ভালোবাসা।ব্লক যেন প্রথমবার বুঝতে পারে—হয়তো জীবনের অর্থ কোনো বিশাল উত্তর নয়।
হয়তো জীবনের অর্থ এই ছোট ছোট মুহূর্তগুলো।
কারও পাশে বসা। কাউকে ভালোবাসা। একটি শিশুকে নিরাপদ রাখা। কারও জীবনে একটু আনন্দ হয়ে থাকা।
কিন্তু মৃত্যুর সঙ্গে দাবার খেলা চলতেই থাকে।
ব্লক-এর প্রতিটি চাল আসলে সময়ের বিরুদ্ধে একটি ছোট যুদ্ধ।সে জানে, একদিন খেলা শেষ হবে এবং সে হারবে। তবু খেলে। আমরাও তো তাই করি। আমরা সবাই জানি, শেষটা কী। তবু বাড়ি বানাই। সন্তান বড় করি। প্রেমে পড়ি। কাজ করি। স্বপ্ন দেখি। ভবিষ্যতের জন্য পরিকল্পনা করি।
কেন?
কারণ মৃত্যু নিশ্চিত হলেও জীবন থেমে থাকে না। বরং মৃত্যুর নিশ্চিততাই হয়তো জীবনকে অর্থবহ করে। এই জায়গাতেই The Seventh Seal আজকের পৃথিবীর সিনেমা হয়ে ওঠে।
আমাদের চারপাশে এখন প্লেগের সেই দৃশ্য নেই। কিন্তু ভয় আছে। অনিশ্চয়তা আছে। যুদ্ধ আছে।
অর্থনৈতিক সংকট আছে। রাজনৈতিক বিভাজন আছে। প্রযুক্তির অদ্ভুত দ্রুততা আছে। মানুষ সারাদিন স্ক্রিনে ব্যস্ত।লাইক গুনছে।ফলোয়ার গুনছে।টাকা গুনছে। ক্ষমতা গুনছে।
কিন্তু মাঝরাতে যখন সব স্ক্রিন নিভে যায়, তখন প্রশ্নটা আবার ফিরে আসে—আমি আসলে কী করছি? আমি কেন বেঁচে আছি? আমি যাদের ভালোবাসি, তাদের কতদিন পাব? সবকিছু শেষ হয়ে গেলে কী থাকবে?
প্রায় সত্তর বছর আগে বার্গম্যান যে প্রশ্ন করেছিলেন, সেগুলো আজও আমাদের প্রশ্ন। এই কারণেই ইংমার বার্গম্যান শুধু একজন পরিচালক নন। তিনি মানুষের ভেতরের অন্ধকারের একজন চলচ্চিত্রকার।
তার সিনেমায় মানুষ প্রায়ই ঈশ্বরকে খোঁজে। নিজেকে খোঁজে।ভালোবাসাকে খোঁজে। মৃত্যুকে বোঝার চেষ্টা করে। আর সবচেয়ে বেশি খোঁজে—অর্থ।
বার্গম্যানের নিজের শৈশবও এই সিনেমার সঙ্গে গভীরভাবে যুক্ত।
ছোটবেলায় তিনি তাঁর ধর্মযাজক বাবার সঙ্গে সুইডেনের বিভিন্ন গির্জায় যেতেন। ধর্মোপদেশের সময় ছোট ইংমার-এর চোখ আটকে থাকত গির্জার দেয়াল ও ছাদের মধ্যযুগীয় ছবিতে।
সেখানে ছিল ফেরেশতা। শয়তান। মৃত্যু। ক্রুশবিদ্ধ যিশু। আর ছিল একজন যোদ্ধা—মৃত্যুর সঙ্গে দাবা খেলছে।
এই ছবিটি ছিল সুইডেনের ট্যাবি চার্চে, আলবার্টাস পিক্টরের আঁকা মধ্যযুগীয় একটি চিত্রকর্ম।
সেই ছবিই বহু বছর পরে বার্গম্যানের সিনেমার সবচেয়ে বিখ্যাত দৃশ্যে রূপ নেয়। সিনেমাটির প্রাথমিক নাম ছিল ‘Knight and Death’।
অর্থাৎ এই সিনেমার মৃত্যু হঠাৎ কোনো চিত্রনাট্যকারের কল্পনা থেকে আসেনি।
এটি বার্গম্যানের শৈশবের স্মৃতি।তার ভয়। তার বিশ্বাস। তার সংশয়।সব মিলিয়ে তৈরি হয়েছে ‘মৃত্যু’র সেই মুখ।
আর সিনেমাটির জন্মের গল্পটিও চমৎকার।
The Seventh Seal সরাসরি সিনেমা হিসেবে জন্ম নেয়নি। বার্গম্যান প্রথমে অভিনয়ের ছাত্রদের জন্য একটি ছোট নাট্য-অনুশীলন তৈরি করেছিলেন ‘ উড পেইিন্টং’।
১৯৫৪ সালে সেটি মঞ্চে আসে। পরে সেই কাজকে বদলে তিনি চলচ্চিত্রের চিত্রনাট্য তৈরি করেন।
চলচ্চিত্রটির শুরুতে নাম ছিল The Knight and Death। অর্থাৎ সিনেমার আগে ছিল নাটক। আর নাটকের আগে ছিল একটি অভিনয়-অনুশীলন’ ‘উড পেইন্টিং’ নামে।
একটি ছোট ভাবনা ধীরে ধীরে হয়ে উঠল বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম বিখ্যাত সিনেমা।
বার্গম্যান তখনও আজকের মতো প্রতিষ্ঠিত পরিচালক নন। তার আগের সিনেমা Smiles of a Summer Night কান চলচ্চিত্র উৎসবে সাফল্য পেয়েছিল।
সেই সাফল্যের পর তিনি নিজের পুরোনো কমেডির পথ থেকে সরে এসে আরও কঠিন কিছু করতে চাইলেন। তিনি জানতেন, The Seventh Seal সহজ সিনেমা হবে না।
তবু বানালেন।কারণ তার কাছে প্রশ্নটা জরুরি ছিল। মানুষ মৃত্যুর সামনে দাঁড়িয়ে কী বিশ্বাস করে?
সিনেমাটি মুক্তির পর কানস ফিল্ম ফেসটিভ্যালে স্পেশাল জুরি পুরস্কার পায়। এবং ধীরে ধীরে বার্গম্যানের-এর নাম আন্তর্জাতিক চলচ্চিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচালকদের তালিকায় উঠে আসে।
আজ ‘দ্য সেভেন্থ সীল’ শুধু বার্গম্যানের এর বিখ্যাত সিনেমা নয়। এটি বিশ্ব চলচ্চিত্রের অন্যতম আইকনিক কাজ।
মৃত্যু-র সঙ্গে দাবা খেলার দৃশ্যটি এতটাই বিখ্যাত হয়েছে যে পরবর্তী অসংখ্য সিনেমা, টেলিভিশন অনুষ্ঠান ও শিল্পকর্মে তার অনুকরণ বা ব্যঙ্গ দেখা গেছে। Cannes-ও দৃশ্যটিকে সিনেমার ইতিহাসের অন্যতম পরিচিত ছবি হিসেবে উল্লেখ করেছে।
আর অ্যান্টোনিয়াস ব্লক-এর চরিত্রে ম্যাক্স ফন সিডো এমন এক অভিনয় করেন, যেখানে মুখের চেয়ে চোখ বেশি কথা বলে। তার চোখে ভয় আছে। কিন্তু তার চেয়েও বেশি আছে উত্তর খোঁজার অস্থিরতা।
আর ডেথ? ডেথ কোনো দানব নয়। সে রাগীও নয়। সে শুধু অপেক্ষা করে। তার কোনো তাড়া নেই।
কারণ সে জানে—শেষ পর্যন্ত সবাই তার কাছেই আসবে। এই জায়গাটাই সিনেমাটিকে ভয়ংকর করে তোলে। মৃত্যু আমাদের শত্রু নয়। মৃত্যু আমাদের জীবনের সবচেয়ে নিশ্চিত সত্য। আমরা তাকে ভুলে থাকার চেষ্টা করি।
মৃত্যু কখনো আমাদের ভুলে না।
তাহলে ‘দ্য সেভেন্থ সীল’ নামটা কী?
এটিও এসেছে বাইবেলের Book of Revelation থেকে। সেখানে সাতটি সিলমোহরের কথা বলা হয়েছে।
সপ্তম সিলমোহর খোলার পর আসে এক গভীর নীরবতার কথা। বার্গম্যান এই ধারণাকে ব্যবহার করেন মানুষের অস্তিত্বের সবচেয়ে বড় প্রশ্ন হিসেবে।
মানুষ প্রশ্ন করছে। ঈশ্বর নীরব। মানুষ উত্তর চাইছে। মৃত্যু অপেক্ষা করছে।
আর মাঝখানে মানুষ জীবন যাপন করছে। এই নীরবতাই সিনেমার আসল ভয়। মৃত্যু নয়। উত্তরহীনতা।
শেষের দিকে দাবার খেলাও শেষের দিকে যায়।
ব্লক বুঝতে পারে, সে মৃত্যুকে হারাতে পারবে না। তবু তার যাত্রার একটা অর্থ তৈরি হয়। সে এমন কিছু করতে চায় যা তার জীবনের অর্থ হয়ে থাকবে।
এখানেই সিনেমাটি আমাদের সামনে সবচেয়ে কঠিন প্রশ্নটা রাখে। যদি মৃত্যুকে হারানো না যায়—তাহলে মৃত্যুর আগে কী করা যায়?
একটি ভালো কাজ। একটি ভালোবাসা। একটি সম্পর্ক। একজন মানুষের পাশে দাঁড়ানো।
হয়তো এতটুকুই।হয়তো এর চেয়ে বেশি কিছু নেই।
শেষ দৃশ্যটি তাই শুধু মৃত্যু নিয়ে নয়। মানুষের যাত্রা নিয়ে।দূরে একটি পাহাড়।
মানুষের সারি।সামনে মৃত্যু। সবাই তার সঙ্গে এগিয়ে যাচ্ছে।
এ যেন আমাদের সবার ছবি।কেউ আগে। কেউ পরে। কিন্তু শেষ পর্যন্ত সবাই একই পথে। আমরা জানি। তবু আমরা বাঁচি। আমরা ভালোবাসি।
আমরা স্বপ্ন দেখি।আমরা সন্তান জন্ম দিই।আমরা গান লিখি।সিনেমা বানাই। বাড়ি তৈরি করি কেন? কারণ হয়তো মানুষ জানে—মৃত্যু জীবনকে শেষ করে দেয়। কিন্তু তার আগে জীবনকে অর্থ দেওয়ার সুযোগ আমাদের হাতে থাকে।
বার্গম্যান নিজেই বলেছিলেন, মধ্যযুগের মানুষের ভয় ছিল প্লেগ, Judgment Day আর অশুভ ভবিষ্যৎ নিয়ে।আমাদের ভয় অন্যরকম।
কিন্তু—আমাদের প্রশ্নগুলো একই রয়ে গেছে.”
প্রশ্নটা রয়ে গেছে। এই একটি জায়গায় ১৯৫৭ আর ২০২৬ এক হয়ে যায়। তখন মানুষ প্লেগকে ভয় পেত। আজ আমরা অন্য অসংখ্য অনিশ্চয়তাকে ভয় পাই।কিন্তু রাতে একা হলে প্রশ্নটা একই।
জীবনের অর্থ কী? মৃত্যুর পরে কী? ঈশ্বর কি আছেন? আর তার থেকেও বড় প্রশ্ন—
মৃত্যু আসার আগে আমি কী করে গেলাম? হয়তো The Seventh Seal-এর সবচেয়ে বড় সৌন্দর্য হলো, সিনেমাটি কোনো উত্তর দেয় না।
বরং আমাদের সঙ্গে হাঁটে। ব্লকের -এর সঙ্গে হাঁটে। ইয়োনস এর সংশয়ের সঙ্গে হাঁটে। Jof-এর স্বপ্নের সঙ্গে হাঁটে। মিয়ার-এর ভালোবাসার সঙ্গে হাঁটে।
আর মৃত্যু-এর সঙ্গে দাবা খেলতে খেলতে আমাদের নিজের জীবনটার দিকে তাকাতে বাধ্য করে। শেষ পর্যন্ত বুঝি—দাবার বোর্ডটা শুধু ব্লকের-এর সামনে নেই। আমাদের সামনেও আছে।একদিন শেষ চালটি আসবে।
তার আগে—আমাদের হাতে কতগুলো চাল আছে, আমরা কেউ জানি না।তাই হয়তো প্রশ্নটা মৃত্যুকে হারানোর নয়। প্রশ্নটা হলো—শেষ চালটি আসার আগে আমরা কী চাল খেললাম?
সেখানেই The Seventh Seal। সেখানেই বার্গম্যান। আর সেখানেই আমাদের জীবন। হয়তো এই কারণেই প্রায় সাত দশক পরও The Seventh Seal পুরোনো মনে হয় না।
বরং মনে হয়—এই সিনেমাটি আমাদের সময়েরই কথা বলছে। শুধু সময় বদলেছে। দাবার বোর্ডটি বদলায়নি। মৃত্যু এখনও অপেক্ষা করছে। আর আমরা এখনও তার সঙ্গে খেলছি।
তাই মৃত্যু নিশ্চিত। স্রষ্টা নীরব। জীবন চলমান।

