মেথিকান্দা
-সেলিম পারভেজ
আজ নিশ্চয়ই রেলস্টেশনে বৃষ্টি নেমেছে খুব
নিজে সে শব্দ করছে না তবু শব্দ হয়;
গত সত্তুরে কতবার তো এই গান শুনেছে
চব্বিশ বছর তার রেলস্টেশনেই ঘর
মেথিকান্দা আজ স্বজোরে কাঁদছে তাই ;
কারা আগাছার মতো জন্মেছিল চারিধারে
গাছকেই আজ চিবিয়ে খেলো সকালবেলা।
আজ নিশ্চয়ই রেলস্টেশনে বৃষ্টি নেমেছে খুব
কত চাই তাদের শুধু চল্লিশ হাজার
একজীবনের দাম চল্লিশ হাজার বুঝি!
কেন জমিয়েছিল এত এই সত্তুরে
নিশ্চয়তা চেয়েছিলে তাই ;
নিশ্চিন্তের দাগ চৌচির করে ফোটে
তার চোখে গালে আর থুতনিতে
কারা মারিলো তারে!
তাকিয়ে দুচোখ পায়না কোন উত্তর খুঁজে
আমি পাই? তুমি পাও?
বুবিও পায় না।
আমাদের পরাজয় হয়ে গেছে
আমরা হেরে গেছি সকলে মিলে ;
এক জীবনে চোখে বুকে দাগ নিয়ে
ব্যথার কথা কখনো বলেনি বুবি
আজও বলেনি, তবু মরে গেছে
আজ সকালে।
আঘাতে মরেনি সে
নিভে গেছে অপমানে।
লাশ কিছু ভেসে উঠেছে এরপর আজ স্টেশনে
আমিও দেখেছি কিছু পরিচিত আমার মতো;
মেথিকান্দায়
আজ নিশ্চয়ই বৃষ্টি নেমেছে খুব।
সেলিম পারভেজ
প্রগতিস্মরনী,জুলাই

