কাবা দখল: ১৪ দিনের রুদ্ধশ্বাস ইতিহাস


সেলিম পারভেজ


ঠিক ৪৭ বছর আগে, আজকের এই দিনে, পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থানে ঘটে যায় এক অবিশ্বাস্য ঘটনা। যে স্থানে পাখিরাও নিরাপদ, যে স্থানে গাছের একটি ডাল ভাঙাও নিষিদ্ধ, সেই পবিত্র মসজিদুল হারামেই ঘটে এক নজিরবিহীন ঘটনা।

হ্যাঁ, ১৯৭৯ সালের ২০ নভেম্বর, ১৪০০ হিজরির প্রথম দিনে, ফজরের নামাজের পর কাবা চত্বরে ঘটে যায় এমন এক ঘটনা, যা শুনলে আজও শিউরে উঠতে হয়।

এই ঘটনা মুসলিম বিশ্বের রাজনীতি ও ধর্মীয় চিন্তাধারার গতিপথ বদলে দিয়েছিল।

আজকের ভিডিওতে জানব, কারা এই ঘটনা ঘটিয়েছিল, কেন তারা এমন করেছিল, টানা ১৪ দিন মসজিদের ভেতরে কী ঘটেছিল এবং এর পরিণতি কী হয়েছিল।

শেষের দিকে জানাবো এমন এক গল্প, যার প্রভাব আজও অনুভব করা যায়।

এই ঘটনার মূল পরিকল্পনাকারী, অনেকের কাছে খলনায়ক হিসেবে পরিচিত, জুহাইমান আল-ওতাইবি। একসময় তিনি সৌদি ন্যাশনাল গার্ডের একজন সদস্য ছিলেন। পরবর্তী সময়ে তিনি ধর্মীয় আন্দোলনে যুক্ত হন এবং একটি কট্টর ধর্মীয় গোষ্ঠীর নেতৃত্ব দিতে শুরু করেন।

এই আন্দোলনের নাম ছিল ‘জামাআ আল-সালাফিয়াহ আল-মুহতাসিবাহ’।

তাদের মধ্যে একটি ধারণা ক্রমশ শক্তিশালী হয়ে উঠেছিল। তারা মনে করত, সৌদি আরবে পশ্চিমা সংস্কৃতির প্রভাব বাড়ছে, সৌদি রাজপরিবার ইসলামি আদর্শ থেকে সরে যাচ্ছে এবং শাসকেরা ধর্মের পথ থেকে বিচ্যুত হচ্ছেন।

বছরের পর বছর ধরে এই গোষ্ঠী সংগঠিত হতে থাকে। সৌদি আরবের পাশাপাশি মিশর, কুয়েত, ইয়েমেন, ইরাক ও সুদান থেকেও বিভিন্ন মানুষ তাদের সঙ্গে যুক্ত হয়।

এদিকে মসজিদুল হারামে তখন সংস্কার ও নির্মাণকাজ চলছিল। সেই সুযোগে নির্মাণস্থলের আশপাশে, মসজিদের ভূগর্ভস্থ অংশ এবং মিনারে অস্ত্র ও বিস্ফোরক লুকিয়ে রাখা হয়। কেউ বিষয়টি টেরও পায়নি।

কবে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে, সেটিও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারা বেছে নেয় নতুন হিজরি শতাব্দীর প্রথম দিনটিকে। ইংরেজি সাল ১৯৭৯, ২০ নভেম্বর। হিজরি ১৪০০ সালের প্রথম দিন।

তাদের বিশ্বাস ছিল, নতুন হিজরি শতাব্দীর শুরুতেই ইমাম মাহদির আবির্ভাব ঘটবে। আর সেই বিশ্বাসকে কাজে লাগিয়েই তারা তাদের পরিকল্পনা সাজায়।

এর কয়েক মাস আগেই ইরানে সংঘটিত হয়েছে ইসলামি বিপ্লব। বিশ্বজুড়ে তখন ধর্ম ও রাজনীতির সম্পর্ক নিয়ে চলছে নানা আলোচনা। এমন এক উত্তাল সময়ে ঘটনাটি ঘটতে যাচ্ছে।

একবার চোখ বন্ধ করে সেই দৃশ্য কল্পনা করুন।

নতুন হিজরি শতাব্দীর প্রথম দিন। ফজরের নামাজ আদায় করতে মসজিদুল হারামে সমবেত হয়েছেন প্রায় এক লাখ মুসল্লি। তাঁদের মধ্যে রয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজি, স্থানীয় বাসিন্দা, বৃদ্ধ, নারী ও শিশুরা।

নামাজ শেষ হয়েছে মাত্র।

ঠিক তখনই লুকিয়ে রাখা অস্ত্র বের করে আনে একদল সশস্ত্র ব্যক্তি। মুহূর্তের মধ্যে তারা মসজিদের সব প্রবেশপথ বন্ধ করে দেয়।

মাইক্রোফোনে ঘোষণা করা হয়, আজ থেকে এই মসজিদের নিয়ন্ত্রণ তাদের হাতে।

এই দলের নেতা ছিলেন জুহাইমান আল-ওতাইবি। তাঁর সঙ্গে ছিল কয়েক শ সশস্ত্র অনুসারী। সঠিক সংখ্যা নিয়ে মতভেদ থাকলেও বিভিন্ন বিবরণে প্রায় ৪০০ জনের কথা উল্লেখ পাওয়া যায়।

এরপর আসে সবচেয়ে বিস্ময়কর ঘোষণা।

তারা দাবি করে, তাদেরই একজন হলেন প্রতিশ্রুত ইমাম মাহদি। তাঁর নাম মুহাম্মদ আবদুল্লাহ আল-কাহতানি।

কথিত আছে, তিনি ছিলেন জুহাইমানের ঘনিষ্ঠ অনুসারী।

এরপর মসজিদে উপস্থিত মুসলমানদের তাঁর হাতে বায়াত গ্রহণের আহ্বান জানানো হয়।

তাদের দাবি ছিল, সৌদি রাজপরিবার ইসলাম থেকে বিচ্যুত হয়েছে। তাই হারাম শরিফের দায়িত্ব নিজেদের হাতে তুলে নেওয়াই তাদের লক্ষ্য।

মসজিদের মিনারে অবস্থান নেয় সশস্ত্র প্রহরীরা। ভূগর্ভস্থ অংশে মজুত করা হয় অস্ত্র ও গোলাবারুদ। হাজার হাজার মানুষ তখন মসজিদের ভেতরে আটকা পড়েছেন।

কয়েক ঘণ্টা পর অনেক মুসল্লিকে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হলেও বহু মানুষ তখনো ভেতরে আটকে ছিলেন।

চারদিকে আতঙ্ক, অনিশ্চয়তা আর বিভ্রান্তি।

কতজন মানুষ তখন মসজিদের ভেতরে আটকা পড়েছিলেন, তার সঠিক হিসাব পাওয়া যায় না।

অন্যদিকে মিনার থেকে তখনও গুলি চালাচ্ছিল সশস্ত্র দখলদাররা। বাইরে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা ক্রমেই কঠিন হয়ে উঠছিল। অভিযানের প্রথম প্রচেষ্টাতেই বহু নিরীহ মানুষ প্রাণ হারান। এই খবর শুনে গোটা মুসলিম বিশ্ব স্তম্ভিত হয়ে পড়ে।

কারণ এটি শুধু একটি মসজিদ নয়, এটি পবিত্র কাবা শরিফ—প্রতিটি মুসলমানের নামাজের কেন্দ্রবিন্দু।

সৌদি সরকার তখন এক কঠিন পরিস্থিতির মুখোমুখি। হারাম শরিফের সীমানায় সামরিক অভিযান চালানো সম্ভব হচ্ছিল না। আবার দখলদারদের ছেড়ে দেওয়াও সম্ভব ছিল না।

এমন পরিস্থিতিতে এগিয়ে আসেন দেশের ধর্মীয় নেতারা। শেখ আবদুল আজিজ ইবনে বাজসহ সৌদি উলামারা ফতোয়া দেন।

ফতোয়ায় বলা হয়, দখলদাররা প্রথমে পবিত্র স্থানের মর্যাদা লঙ্ঘন করেছে। তাই হারামের পবিত্রতা পুনরুদ্ধারে সামরিক অভিযান চালানো বৈধ।

এই ফতোয়া পাওয়ার পরই সেনাবাহিনীর অভিযান শুরু করার পথ খুলে যায়।

বাইরে থেকে বোঝার কোনো উপায় ছিল না, মসজিদের ভেতরে আসলে কী ঘটছে। সময় যত গড়াচ্ছিল, সরকারের ওপর চাপ তত বাড়ছিল।

অবশেষে শুরু হয় প্রায় দুই সপ্তাহব্যাপী সামরিক অভিযান।

সৌদি সেনাবাহিনী ও ন্যাশনাল গার্ড পুরো এলাকা ঘিরে ফেলে। ধীরে ধীরে, প্রতিটি ইঞ্চি জায়গা অতিক্রম করে তাদের সামনে এগোতে হচ্ছিল। কারণ কাবা শরিফ ও পবিত্র স্থাপনাগুলোর কোনো ক্ষতি করা চলবে না।

মিনার থেকে তখনো গুলি ছোড়া হচ্ছিল। মসজিদের নিচে ছিল বিশাল এক ভূগর্ভস্থ অংশ। সেখানে বিরাজ করছিল ঘুটঘুটে অন্ধকার। দখলদাররা সেই ভূগর্ভস্থ অংশেই আশ্রয় নিয়েছিল।

প্রতিটি দরজা, প্রতিটি সিঁড়ি পার হতে হচ্ছিল তীব্র প্রতিরোধের মুখে। এই অভিযানে সৌদি নিরাপত্তা বাহিনীর সদস্যরাও প্রাণ হারান।

সরকারি হিসাব অনুযায়ী, অভিযানে প্রায় তিন হাজার নিরাপত্তা সদস্য অংশ নেন। সংঘর্ষে উভয় পক্ষের বহু মানুষ হতাহত হন। দখলদারদের শক্তিও ক্রমশ কমে আসতে থাকে।

একসময় তাদের সংখ্যা প্রায় ৪০০ থেকে কমে আত্মসমর্পণের সময় ১৭০ জনে দাঁড়ায়।

অবশেষে ৪ ডিসেম্বর, অর্থাৎ ১৪ দিন পর, সৌদি বাহিনী পুরো মসজিদের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে।

জুহাইমান ও তার বাকি অনুসারীরা আত্মসমর্পণ করে। আর যাকে তারা মাহদি হিসেবে ঘোষণা করেছিল, সেই মুহাম্মদ আল-কাহতানি অভিযানের সময়ই নিহত হন।

মাহদি হওয়ার দাবি তুলে যারা এত রক্তপাত ঘটিয়েছিল, সেই সংঘর্ষেই তাদের ঘোষিত মাহদির মৃত্যু হয়। এভাবেই তাদের দাবির অসারতা সামনে চলে আসে।

এই ঘটনায় শত শত মানুষ প্রাণ হারান। নিরাপত্তা বাহিনীর সদস্য, দখলদার এবং সাধারণ মুসলমান—কেউই এই রক্তক্ষয় থেকে রেহাই পাননি।

আত্মসমর্পণকারীদের বিচারের মুখোমুখি করা হয়। ১৯৮০ সালের ৯ জানুয়ারি ৬৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আধুনিক সৌদি আরবের ইতিহাসে এটিই ছিল অন্যতম বৃহত্তম গণমৃত্যুদণ্ড।

জুহাইমান ও লাতাইবিও ছিল মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে। সৌদি আরবের আটটি শহরে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ৪১ জন ছিলেন সৌদি নাগরিক। বাকিরা ছিলেন মিশর, ইয়েমেন, কুয়েত, ইরাক ও সুদানের নাগরিক।

কিন্তু এই ঘটনার প্রভাব এখানেই শেষ হয়নি।

ঘটনার পর সৌদি সরকার ধর্মীয় বিষয়ে আরও কঠোর অবস্থান গ্রহণ করে। সমাজে ধর্মীয় অনুশাসনের কড়াকড়ি বেড়ে যায়। নারী, বিদেশি নাগরিক এবং জনপরিসরে ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর আরোপ করা হয় আরও নানা বিধিনিষেধ।

যুবরাজ ফাহাদ প্রশাসনের কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে পদ থেকে সরিয়ে দেন। তাঁদের মধ্যে ছিলেন মক্কার গভর্নরও।

এমনকি একটি সংবিধান প্রণয়নের প্রস্তাবও গ্রহণ করা হয়নি।

এই ঘটনার গভীর প্রভাব পড়েছিল গোটা মুসলিম বিশ্বে। কাবা শরিফের মতো পবিত্র স্থান দখলের এই ঘটনা শুধু সৌদি আরবের ইতিহাস নয়, আধুনিক মুসলিম বিশ্বের ইতিহাসেও এক গভীর ক্ষত হয়ে রয়ে গেছে।

এই ঘটনা থেকে মুসলিম বিশ্ব একটি বড় শিক্ষা পেয়েছে। ধর্মের নামে, ইমাম মাহদির নামে কেউ যদি অস্ত্র তুলে নেয়, মানুষ হত্যা করে, এমনকি কাবার মতো পবিত্র স্থান দখল করে, তাহলে তাকে কখনোই সমর্থন করা যায় না।

কারণ, হারাম শরিফের পবিত্রতা নষ্ট করা এবং নিরপরাধ মানুষ হত্যা করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ।

যারা এমন কাজ করে, তারা প্রকৃতপক্ষে ধর্মের আদর্শ অনুসরণ করে না। বরং নিজেদের ক্ষমতা ও স্বার্থ প্রতিষ্ঠার জন্য ধর্মীয় বিশ্বাসকে ব্যবহার করে।

এই ঘটনাটি আজও আমাদের মনে রাখা প্রয়োজন।

পৃথিবীতে কেউ যেন ধর্মের নাম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করতে এবং এমন ভয়াবহ ঘটনা ঘটাতে না পারে।


সেলিম পারভেজ

লেখক , সাংবাদিক ও চলচ্চিত্রকর্মী


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x